বাক্‌ ১৪৮ ।। রোশনারা মিশ্র

 

 

৪

 

ভূমিকা করার আগে- নির্বাক লক্ষ দিন,

যেমন তেমন।

 

ভূমিকা পেরোনোর পর- একদণ্ড,

অতর্কিত।

 

পারার সম্ভাব্য দিন শেষ।

 

না-পারাও প্রত্যক্ষ।

আইনতই -

অপরাধ স্বীকার করা, কনফেসন, গিলট।

 

৫

 

ক্ষমা নয়, শাস্তিও নয়

হাত পেতে নিয়েছি যতটা

ফেরানোরও ঠিক ততটাই

 

হাতে গুঁজে দিতে পারি

চোরাগোপ্তা দিতে পারি

যেভাবেই দিই-

 

প্রত্যেক শ্বাস, ক্ষমাহীন, শাস্তিহীন

দায়-

নিজস্বতার।

 

৬

 

কাকে বলে ‘নিজের কথা’?

কতটা প্রৌঢ় হলে বাবা মা-কে হত্যা করে

ক্ষত্রয়-নিধনের পথে একলা চলা যায়!

 

৭

 

মেনোপজের কাছে এসে শেষ রক্ত

ঘন কালো পুঞ্জীভূত

 

কারণ এখন আর নিয়ম নেই

প্রতিচাঁদ – দুর্ঘটনা।

 

যত ফুল পড়ে গেছে যত্রতত্র

অনাথ শিশুর মত সেখানেই গজিয়েছে

আত্মবিস্মৃতি

 

কুড়িয়ে-বাড়িয়ে যদি ইতিহাস লিখব তাতে ভাবি

ঘন সাদা স্রাব এসে ঢেকে দেয় চাঁদ, দেখি কম

 

সঞ্জয় বলে চলে- একে একে নিকেশ হয়েছে সকলেই

তবু আমি বেঁচে আছি

আমি বেঁচে আছি


No comments:

Post a Comment